• ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

দাবি নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না: শিক্ষামন্ত্রী

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৬, ২০:০৬ অপরাহ্ণ
দাবি নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না: শিক্ষামন্ত্রী
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে আর রাজপথে নামার প্রয়োজন হবে না। সরকার শিক্ষা মন্ত্রণালয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় শেষে শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।

মন্ত্রী বলেন, শিক্ষকদের দাবির বিষয়টি আমরা দেখবো,আপনারা শিক্ষার জন্য কী করবেন সেই প্রতিজ্ঞা করতে হবে। আপনারা সমস্যা ছাড়া কিছু দেখেন না।

মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগগুলো পর্যায়ক্রমে পর্যালোচনা ও সমাধান করা হবে। স্কুল ব্যবস্থাপনা কমিটি ও গভর্নিং বডি সংক্রান্ত বিষয়েও আলোচনা চলছে। একজন ব্যক্তিকে একাধিক প্রতিষ্ঠানের দায়িত্ব না দেওয়ার বিষয়টি ম্যানেজিং কমিটির সভায় বিবেচনা করা হবে।

ঈদ বোনাসের বিষয়ে বলেন, ১০০ ভাগ ঈদ বোনাসের দাবির বিষয়টি পর্যালোচনা করা হবে। প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করবো। এ বছরের বাজেটে যেহেতু এটি উল্লেখ নেই তাই বিষয়টি আলোচনা করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিম ভুঁইয়া।