• ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কর্মস্থলে না গিয়েও বেতন নিচ্ছেন শিক্ষিকা

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১৪:২৭ অপরাহ্ণ
কর্মস্থলে না গিয়েও বেতন নিচ্ছেন শিক্ষিকা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বগুড়ার ধুনট উপজেলায় কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে। অভিযুক্ত আফরিনা রহমান ছাতিয়ানী রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের সহকারী শিক্ষক।
বিদ্যালয় ও স্থানীয় সূত্র জানায়, তিনি মাসে একদিন এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে পুরো মাসের উপস্থিতি দেখিয়ে ইএফটির মাধ্যমে ব্যাংক থেকে বেতন তুলতেন। ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে সুপারিশ পেয়ে তিনি একই বছরের ১ অক্টোবর বিদ্যালয়ে যোগ দেন। তবে যোগদানের পর তাকে নিয়মিত ক্লাস নিতে দেখা যায়নি। শিক্ষার্থীরা জানায়, গণিতের শিক্ষক হিসেবে তার নাম শোনা গেলেও বাস্তবে শ্রেণিকক্ষে তাকে কখনো পাওয়া যায়নি। এতে গুরুত্বপূর্ণ এ বিষয়ে পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন অভিভাবকেরা। তারা বলেন, দায়িত্ব পালন না করলে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়া উচিত। অন্যদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, যোগদানের পর মাত্র দুই দিন উপস্থিত ছিলেন ওই শিক্ষিকা। বারবার যোগাযোগ করেও তাকে নিয়মিত আনা যায়নি। বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হলে ডিসেম্বর ২০২৫ থেকে তার বেতন স্থগিতের উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিযুক্ত শিক্ষিকা দাবি করেছেন, তিনি বিনা বেতনে ছুটির বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করেছেন। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।