মানুষকে আর চিকিৎসকের পেছনে ছুটতে হবে না: স্বাস্থ্যমন্ত্রী
দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১৪:৫১ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
মানুষকে আর চিকিৎসকের পেছনে ছুটতে হবে না, বরং চিকিৎসাসেবাই মানুষের কাছে পৌঁছে যাবে—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদীর হাফিজপুরে নিজ বাড়িতে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণভাবে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং সেবাকে সহজলভ্য ও সার্বজনীন করা হবে। তিনি আরও বলেন, যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি—সব নাগরিকের প্রতিই সরকারের সমান দায় রয়েছে। প্রতিহিংসা ও বিদ্বেষ ভুলে সবাইকে নিয়ে একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঘোষিত লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্যখাতে দৃশ্যমান পরিবর্তন আনার আশাবাদও ব্যক্ত করেন মন্ত্রী।
এ সময় তিনি নরসিংদীতে একটি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনার কথাও জানান। জেলার ২৫০ শয্যার হাসপাতালসহ যেসব স্বাস্থ্যপ্রতিষ্ঠান এখনো পুরোপুরি চালু হয়নি, সেগুলো দ্রুত কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন। পাশাপাশি দুটি আইসিইউ ইউনিট স্থাপনের আগ্রহের কথাও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।