দখিনের সময় ডেস্ক:
সাভারের আশুলিয়ায় এক শিশু গৃহকর্মীকে গরম খুন্তি দিয়ে দগ্ধ ও নির্যাতনের অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়া থানার স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার দিবাগত রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার আশিক ভিলা নামের একটি বাসা থেকে অভিযুক্ত চিকিৎসক জাহিদুল ইসলাম (৩৪)–কে আটক করা হয়। নির্যাতনের শিকার শিশু সামিয়া আক্তার (১০), পাবনা জেলার আমিনপুর থানার সিন্দুরিয়া গ্রামের রজব আলীর মেয়ে। প্রায় ১১ মাস ধরে সে ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিল বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, চিকিৎসক ও তার স্ত্রী মিলে শিশুটির ওপর শারীরিক নির্যাতন চালাতেন। ঘটনার রাতে নির্যাতনের শিকার হয়ে সামিয়া বাসা থেকে পালিয়ে যায় এবং পথচারীদের কাছে বিষয়টি জানায়। পরে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে, তবে তার স্ত্রী কৌশলে পালিয়ে গেছেন। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।