ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষর করেন। নিয়োগপ্রাপ্তরা হলেন— মো. আব্দুস সালাম (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন), মো. শফিকুল ইসলাম খান (ঢাকা উত্তর সিটি করপোরেশন), নজরুল ইসলাম মঞ্জু (খুলনা সিটি করপোরেশন), আব্দুল কাইয়ুম চৌধুরী (সিলেট সিটি করপোরেশন), মো. সাখাওয়াত হোসেন খান (নারায়ণগঞ্জ সিটি করপোরেশন) এবং মো. শওকত হোসেন সরকার (গাজীপুর সিটি করপোরেশন)। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন পুনর্গঠন বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া অধ্যাদেশের ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী প্রশাসকরা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা গ্রহণ করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।