• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৬, ১৮:৪১ অপরাহ্ণ
নিজ বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
দখিনের সময় ডেস্ক:
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিটে প্রথম স্থান অধিকার করে ইংরেজি বিভাগে ভর্তি হন। শনিবার (৩১ জানুয়ারি) রাতের দিকে তার মরদেহ বাড়ি থেকে উদ্ধার করা হয়।
অনন্য গাঙ্গুলী কোটচাঁদপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদ্যুৎ কুমার গাঙ্গুলী ও স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাধারানী ভট্টাচার্য্যের বড় সন্তান। তার একটি ভাই ও একটি বোন রয়েছে, যাঁদের মধ্যে ছোট বোন লিথি মনি গাঙ্গুলীও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। পরিবার সূত্রে জানা গেছে, অনন্য দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং সেই যন্ত্রণা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেওয়ার সম্ভাবনা রয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাবে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।” অনন্যের পরিবারও জানায়, তিনি মেধাবী ছিলেন, তবে কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন।