• ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধে স্থবির তেজগাঁও

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৭:২৮ অপরাহ্ণ
সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধে স্থবির তেজগাঁও
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ঢাকার তেজগাঁওয়ের ব্যস্ত সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে শুরু হওয়া এই অবরোধে মুহূর্তেই ওই এলাকায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।
অবরোধের ফলে সাতরাস্তা মোড়সহ আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, রোগীবাহী যান ও গণপরিবহনের যাত্রীরা। শিক্ষার্থীরা জানান, দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার একটি সুপারিশের প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন। তাদের দাবি, এ ধরনের সুপারিশ ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার ক্ষুণ্ন করবে এবং তা অবিলম্বে বাতিল করতে হবে।
কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি আরিফ বিল্লাহ বলেন, সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দীর্ঘদিন ধরে আবেদন করার সুযোগ পেয়ে আসছেন। কিন্তু নতুন করে উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিধারীদের অন্তর্ভুক্ত করার সুপারিশ হলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। এদিকে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার তানিয়া সুলতানা জানান, অবরোধের কারণে সাতরাস্তা থেকে কাকরাইলসহ আশপাশের এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে বিকল্প সড়ক ব্যবহার করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।