• ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রিজ ভেঙে বাড়ি নিয়ে গেলেন চেয়ারম্যান

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৭:৪৯ অপরাহ্ণ
ব্রিজ ভেঙে বাড়ি নিয়ে গেলেন চেয়ারম্যান
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে টেন্ডার ছাড়াই একটি সেতু ভেঙে মালামাল নিজের বাড়িতে নেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোকলেছুর রহমান মণ্ডলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২ ফেব্রুয়ারি) এ শোকজ নোটিশ জারি করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো ধরনের অনুমোদন বা দরপত্র প্রক্রিয়া ছাড়াই পুরোনো সেতুটি ভেঙে ইট ও লোহা সরিয়ে নেওয়া হয়েছে—এমন অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি বিধিবহির্ভূত কাজ বলে মনে হওয়ায় চেয়ারম্যানের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, চেয়ারম্যান মোকলেছুর রহমান দাবি করেন, মালামাল হারানোর আশঙ্কায় তিনি সেগুলো সাময়িকভাবে বাড়িতে রেখেছিলেন এবং এখন ইউএনওর নির্দেশে ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করা হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দক্ষিণ রাজীবপুর গ্রামের উত্তরপাড়ায় আলম মিয়ার বাড়ির পাশে থাকা সেতুটি মাসখানেক আগে ভাঙা হয়। সেতুটি পুরোনো হলেও সেটি দিয়ে নিয়মিত মানুষ ও যানবাহন চলাচল করত। ভাঙার পর কোনো বিকল্প সড়ক বা সংযোগ ব্যবস্থা না থাকায় চারটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে, আর সেতুটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে।