সিলেটে দুই কিশোরের সামান্য কথা-কাটাকাটি থেকে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে জড়িয়ে পড়েছে পাঁচটি গ্রামের মানুষ। এক পক্ষে দুই গ্রামের বাসিন্দা এবং বিপক্ষে তিন গ্রামের লোকজন অংশ নেন। এতে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে নগরের তেমুখী এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে দুই পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতির কারণে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জালালাবাদ থানার আওতাধীন কুমারগাঁও ও সাহেবেরগাঁও গ্রামের দুই কিশোরের ঝগড়া থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়। পরে কুমারগাঁওয়ের পক্ষে নাজিরেরগাঁও এবং সাহেবেরগাঁওয়ের পক্ষে ছড়ারগাঁও ও কালিরগাঁও গ্রামের লোকজন এতে যুক্ত হন। সংঘর্ষে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঘটনাটি রাজনৈতিক নয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং সংঘর্ষের প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে।