ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের দায়িত্ব গ্রহণের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। এর মধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিদায়ী বক্তব্য দেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) আয়োজিত এ অনুষ্ঠানে তিনি দায়িত্ব পালনকালে সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং রাষ্ট্র পরিচালনার এই সংবেদনশীল সময়ে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন। ভাষণ শেষে কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য ফটোসেশনে অংশ নেন তিনি। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর প্রায় দেড় বছর অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেন ড. ইউনূস। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হয়। আগামী ১৭ ফেব্রুয়ারি সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন এবং বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। শপথ সম্পন্ন হলেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর হবে, আর তাতেই শেষ হবে অন্তর্বর্তী সরকারের অধ্যায়।