নিষেধাজ্ঞার মধ্যেই বাংলাদেশের আকাশে ভারতের স্পাইসজেট
দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১৪:২৬ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বকেয়া ওভারফ্লাইট চার্জ পরিশোধ না করায় ভারতের বেসরকারি বিমান সংস্থা স্পাইসজেটের ওপর বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। দীর্ঘদিন তাগাদা দিয়েও পাওনা না মেলায় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সংস্থাটির একাধিক ফ্লাইটকে বাংলাদেশের আকাশপথ এড়িয়ে বিকল্প রুট ব্যবহার করতে হচ্ছে। এতে ফ্লাইটের সময় ও দূরত্ব বেড়েছে, পাশাপাশি জ্বালানি ব্যয় ও পরিচালন খরচও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, কোনো দেশের আকাশসীমা ব্যবহার করলে সংশ্লিষ্ট বিমান সংস্থাকে নির্ধারিত ওভারফ্লাইট চার্জ পরিশোধ করতে হয়। বেবিচক জানিয়েছে, স্পাইসজেটের কাছে উল্লেখযোগ্য অঙ্কের বকেয়া রয়েছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে বিশেষ করে কলকাতা থেকে গুয়াহাটি ও ইম্ফলগামী ফ্লাইটগুলোতে। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মের তথ্য বলছে, বিমানগুলো এখন দীর্ঘ পথ ঘুরে বিকল্প করিডোর ব্যবহার করছে, যা সময় ও জ্বালানি—দুই ক্ষেত্রেই বাড়তি চাপ তৈরি করছে।
আর্থিক সংকটে থাকা সংস্থাটির জন্য এই পরিস্থিতি নতুন করে চাপ সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অতিরিক্ত জ্বালানি ব্যয় ও দীর্ঘ রুট ব্যবহারের কারণে লোকসানের বোঝা আরও বাড়তে পারে। আকাশসীমা ব্যবহারের অনুমতি পুনর্বহাল না হওয়া পর্যন্ত পূর্বাঞ্চলীয় এসব রুটে স্বাভাবিক কার্যক্রম চালু রাখা তাদের জন্য কঠিন হয়ে পড়বে।