• ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের রক্তে মুক্তিযুদ্ধের চেতনা: রাষ্ট্রপতি

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১৪:৪৮ অপরাহ্ণ
তারেক রহমানের রক্তে মুক্তিযুদ্ধের চেতনা: রাষ্ট্রপতি
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, তারেক রহমানের শিরায় মুক্তিযোদ্ধার রক্ত বইছে এবং তিনি দেশের কল্যাণে কাজ করবেন—এ বিশ্বাস তার আছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে বঙ্গভবনে বেসরকারি সংবাদমাধ্যম দৈনিক কালের কণ্ঠ-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এসব কথা বলেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশিত হওয়ার পর মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শেষ অংশ প্রকাশিত হয়। সেখানে তিনি জানান, তারেক রহমানের সঙ্গে তার ব্যক্তিগতভাবে খুব বেশি সময় কাটানোর সুযোগ হয়নি, তবে সংক্ষিপ্ত আলাপচারিতাতেই তিনি নেতৃত্বের গুণাবলি লক্ষ্য করেছেন। রাষ্ট্রপতির ভাষায়, “মর্নিং শোজ দ্য ডে”—শুরুর কার্যক্রম দেখেই ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পাওয়া যায়। সাম্প্রতিক কর্মকাণ্ডে তিনি আশাবাদী বলেও উল্লেখ করেন। তিনি আরও বলেন, তারেক রহমানের বাবা ছিলেন রাষ্ট্রপতি এবং মা তিনবারের প্রধানমন্ত্রী—এ পারিবারিক রাজনৈতিক অভিজ্ঞতাও তাকে দায়িত্ব পালনে সহায়তা করবে বলে তিনি মনে করেন।
নতুন সরকারের আগমনের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ দেড় বছর ধরে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা ও বঙ্গভবনের নিরাপত্তা নিশ্চিত করা ছিল তার প্রধান চিন্তা। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তিনি স্বস্তি অনুভব করছেন। নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, তা নিয়ে তিনি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।