নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা পরিদর্শনের সময় হামলার মুখে পড়েছেন সংসদ সদস্য হান্নান মাসউদ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনার পর তার সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষও শুরু হয়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এমপি হান্নান মাসউদ এলাকা পরিদর্শনে এবং নির্বাচন সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজ নিতে প্রকল্প বাজারে পৌঁছান। তখন দুর্বৃত্তরা তার গাড়িবহরে হামলা চালায়। এ হামলার খবরে সমর্থকরা পাল্টা প্রতিক্রিয়া দেখায়, যার ফলে উভয়পক্ষের মধ্যে সড়কের দুই পাশে অবস্থান ও উত্তেজনা দেখা দেয়। হামলায় অন্তত দুজন এনসিপির সমর্থক আহত হন এবং তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এমপি হান্নান মাসউদ ঘটনাস্থল থেকে জানান, “আমরা এলাকায় পরিদর্শনে এসেছিলাম। বেলাল মাঝির নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালিয়েছে। সে গ্রেপ্তার না করা পর্যন্ত আমি অবস্থান ছাড়ব না। ২০১৮ সালেও বেলাল মাঝি সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলা চালিয়েছিল।” হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।