দখিনের সময় ডেস্ক:
২০২৬ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) সহসভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কমিশনের ব্যুরো নির্বাচন শেষে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
পিবিসির ২০তম অধিবেশনের প্রথম সভায় পাঁচ সদস্যের ব্যুরো গঠন করা হয়। এতে মরক্কোকে সভাপতি এবং বাংলাদেশসহ জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়াকে সহসভাপতি নির্বাচিত করা হয়। শান্তি বিনির্মাণ কমিশন একটি আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা, যা সংঘাত-পরবর্তী দেশগুলোতে টেকসই শান্তি প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা বজায় রাখতে জাতিসংঘকে পরামর্শ ও সহায়তা দিয়ে থাকে। সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘে শীর্ষ সেনা ও অর্থ প্রদানকারী দেশগুলোর মধ্য থেকে নির্বাচিত মোট ৩১টি সদস্য রাষ্ট্র নিয়ে এই কমিশন গঠিত।
২০০৫ সালে কমিশন প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ এর সদস্য হিসেবে সক্রিয় ভূমিকা রেখে আসছে। এর আগে বাংলাদেশ ২০১২ ও ২০২২ সালে পিবিসির সভাপতি এবং ২০১৩ ও ২০২৩ সালে সহসভাপতির দায়িত্ব পালন করেছে। সর্বশেষ নির্বাচনের মাধ্যমে আবারও সহসভাপতির দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি বিনির্মাণ কার্যক্রমে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণ উপলক্ষে কমিশনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং ভবিষ্যতেও শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।