আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। ট্রাম্প প্রশাসনের সময় আরোপিত ‘পাল্টা শুল্ক’ কমানো এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা বাড়ানোর লক্ষ্যেই এ সমঝোতা। সম্ভাব্য চুক্তিতে যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানিতে শুল্ক ছাড়, বোয়িং উড়োজাহাজ ক্রয় এবং জ্বালানি খাতে আমদানির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকার কথা রয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, চুক্তির খসড়া প্রস্তুত করে অনুমোদনের জন্য সামারি পাঠানো হয়েছে। অনুমোদন মিললে ৯ ফেব্রুয়ারি চূড়ান্ত স্বাক্ষরের পথে যাবে বিষয়টি। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের জন্য রেসিপ্রোকাল শুল্কহার ২০ শতাংশ থাকলেও আলোচনার মাধ্যমে তা আরও কমতে পারে—এমন সম্ভাবনা রয়েছে, যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের ওপর ৩৭ শতাংশ থেকে ধাপে ধাপে শুল্ক কমিয়ে ২০ শতাংশে নামালেও কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। এবার সেই আলোচনা চুক্তির রূপ নিতে যাচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, এ সুবিধা পেতে বাংলাদেশকেও কিছু ছাড় দিতে হচ্ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর ক্ষেত্রে। তুলা আমদানি ইতোমধ্যে বেড়েছে এবং ভবিষ্যতে বোয়িং উড়োজাহাজ, জ্বালানি ও অন্যান্য পণ্য আমদানির পরিকল্পনাও রয়েছে। বাণিজ্য সচিব স্পষ্ট করেন, এ চুক্তির আওতায় কোনো সামরিক সরঞ্জাম বা যুদ্ধবিমান অন্তর্ভুক্ত নয়। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ সমঝোতার মাধ্যমে দুই দেশের বাণিজ্য আরও ভারসাম্যপূর্ণ হবে এবং বাংলাদেশের রপ্তানি খাত বিশেষভাবে উপকৃত হবে।