আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের বেশি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, নির্বাচন ঘিরে কিছু বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন সহিংসতার আশঙ্কা থাকলেও সামগ্রিকভাবে মানুষ একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট প্রত্যাশা করছে।
রোববার (১ ফেব্রুয়ারি) মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, ১৯৯১ সাল থেকে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনে কোনো না কোনোভাবে সহিংসতা দেখা গেছে। তবে এবারের নির্বাচনেও সে ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, কিন্তু তা নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করবে না বলে তিনি মনে করেন। এ সময় তিনি সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, সঠিক তথ্য পরিবেশন ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বড় ভূমিকা রাখে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি।
১৯৯১ সালের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের উদাহরণ টেনে তৌহিদ হোসেন বলেন, সে সময় প্রায় ৫৫ শতাংশ ভোট পড়েছিল। তার বিশ্বাস, এবারের নির্বাচনে সেই হার অতিক্রম করবে। অনুষ্ঠানে জাতিসংঘ উন্নয়ন সংস্থার এক প্রতিনিধি বলেন, অবাধ ও নিরাপদ নির্বাচনের জন্য সাংবাদিকদের নিরাপত্তা অপরিহার্য, বিশেষ করে ডিজিটাল মাধ্যমে নারী প্রার্থী ও সাংবাদিকদের সুরক্ষার বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।