• ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান বিজেসির

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১৭:০১ অপরাহ্ণ
ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান বিজেসির
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে কোনো মোবাইল ফোন বহন করা যাবে না, যা সাধারণ ভোটারের পাশাপাশি সাংবাদিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
ইসির এই সিদ্ধান্ত ঘিরে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে। টেলিভিশন সাংবাদিকদের শীর্ষ সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) এটিকে হঠকারী সিদ্ধান্ত উল্লেখ করে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ হলে দায়িত্ব পালন কার্যত অসম্ভব হয়ে পড়বে। সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই ও তাৎক্ষণিক প্রতিবেদন তৈরির ক্ষেত্রে মোবাইল ফোন সাংবাদিকদের একটি অপরিহার্য উপকরণ। এ ধরনের নিষেধাজ্ঞা স্বাধীন সাংবাদিকতা ও তথ্য সংগ্রহের মৌলিক অধিকারকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজেসির মতে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের স্বাধীন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রে সাংবাদিকদের উপস্থিতি এবং তাৎক্ষণিক তথ্য সংগ্রহ নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করে। সংগঠনটি মনে করে, এই নির্দেশনা শুধু সাংবাদিকদের নয়, ভোটারদের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এবং ভোটদানে আগ্রহ কমিয়ে দিতে পারে। তাই নির্বাচন কমিশনের প্রতি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বিজেসি।