দখিনের সময় ডেস্ক:
সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে কক্সবাজারের উখিয়া উপজেলার শরণার্থী ক্যাম্পের বাইরে বসবাস করা অন্তত ১৫০০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। অভিযান এখনও চলছে এবং আটককৃতদের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। রোববার (৮ ফেব্রুয়ারি) ভোরে পালংখালী ইউনিয়নের বালুখালীসহ আশেপাশের এলাকা থেকে অভিযান শুরু করা হয়।
যৌথ বাহিনীর এক কর্মকর্তা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রোহিঙ্গাদের অপব্যবহার প্রতিরোধ করতে এই অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য ক্যাম্পে নির্ধারিত জায়গা রয়েছে, তবে অনেকে নিয়ম ভেঙে বাঙালিদের জমিতে অবস্থান করছে, যা স্থানীয়দের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। আটককৃতদের একটি নির্দিষ্ট স্থানে রাখা হচ্ছে, পরে জেলা প্রশাসক ও উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তাদেরকে ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।
অফিসার আরও বলেন, তাদেরকে সরাসরি ক্যাম্পে পাঠানো হবে না; প্রথমে সবাইকে আটক করা হবে এবং পরে অনুসন্ধান চালানো হবে যে কেন তারা ক্যাম্পের বাইরে অবস্থান করছে এবং নির্বাচনকে কেন্দ্র করে ব্যবহার করা হচ্ছে কি না। স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, ক্যাম্পের বাইরে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। এর আগে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারি ও আশেপাশের এলাকা থেকে যৌথ বাহিনী কয়েক দফা অভিযান চালিয়ে পাঁচ শতাধিক রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠিয়েছে।