হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘে আনুষ্ঠানিক চিঠি পাঠাল সরকার
দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১৭:৩৫ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্তে আন্তর্জাতিক সহায়তা চেয়ে জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)-এর কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা চাওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জেনেভায় অবস্থিত বাংলাদেশ স্থায়ী মিশন গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওএইচসিএইচআরের কাছে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল পাঠায়। ওই নোটে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে তদন্ত প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য জাতিসংঘের সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে তদন্তের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে।
জেনেভাস্থ বাংলাদেশ মিশন জানিয়েছে, ওএইচসিএইচআর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেলে তা দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে সরকার।