১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের রায়ে খালাস পেয়েছেন বাগেরহাটের খান আকরাম হোসেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে অপহরণ, আটক, নির্যাতন, গণহত্যা, হত্যা ও ধর্ষণসহ সাত ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ। ২০১৭ সালের ৩১ মে অভিযোগ আমলে নেওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে ২০২৩ সালের ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন— খান আকরাম হোসেন, শেখ মোহাম্মদ উকিল উদ্দিন, মো. মকবুল মোল্লা, খান আশরাফ আলী, রুস্তম আলী মোল্লা, শেখ ইদ্রিস আলী ও শেখ রফিকুল ইসলাম বাবুল। তাদের মধ্যে কয়েকজন কারাগারে ছিলেন।
রায়ের বিরুদ্ধে আপিল করলে সর্বোচ্চ আদালত আকরামের ক্ষেত্রে মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে তাকে খালাস দেন। অন্য আসামিদের বিষয়ে আগের রায় বহাল রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।