• ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সংস্কৃতির রাজনীতিকীকরণ সভ্য দেশের পরিচয় হতে পারে না: প্রধানমন্ত্রী

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১৪:০৯ অপরাহ্ণ
সংস্কৃতির রাজনীতিকীকরণ সভ্য দেশের পরিচয় হতে পারে না: প্রধানমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
শিল্প ও সংস্কৃতিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীতে আয়োজিত একুশে পদক–২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, গবেষণা, শিল্প ও সাহিত্যচর্চাকে এগিয়ে নিতে সরকার তার দায়িত্ব পালন করবে। তিনি জোর দিয়ে বলেন, শিল্প–সাহিত্যকে রাজনীতিকরণ কোনো সভ্য জাতির পরিচয় হতে পারে না। কৃতি মানুষের সংখ্যা বাড়লে সমাজ আরও আলোকিত হবে বলেও তিনি উল্লেখ করেন। তার মতে, একুশে পদক ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের নানা ঐতিহাসিক অর্জনকে স্মরণ করায় এবং শিল্প, সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদান রাখা গুণীজনদের সঙ্গে জনগণের সেতুবন্ধ তৈরি করে। এতে জ্ঞান ও বিজ্ঞানের বিকাশ ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদক–২০২৬ প্রদান করা হয়। একুশে পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, যা ১৯৭৬ সাল থেকে ভাষা, সাহিত্য, শিল্প, গবেষণা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদানের জন্য প্রদান করা হচ্ছে।