• ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলা ভাষা ও সাহিত্য একদিন বিশ্বদরবারে উজ্জ্বল হয়ে উঠবে: প্রধানমন্ত্রী

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১৫:১৯ অপরাহ্ণ
বাংলা ভাষা ও সাহিত্য একদিন বিশ্বদরবারে উজ্জ্বল হয়ে উঠবে: প্রধানমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাংলা ভাষা ও সাহিত্য একদিন বিশ্বদরবারে আরও উজ্জ্বলভাবে স্থান করে নেবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে ১৯৭৬ সালে প্রথম একুশে পদক প্রবর্তন করেন। তিনটি বিষয়ে পুরস্কার প্রদানের মধ্য দিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিক্ষা, গবেষণা, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ অন্তত ১২টি ক্ষেত্রে এ সম্মাননা দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, একুশে পদক শুধু একটি রাষ্ট্রীয় পুরস্কার নয়; এটি ভাষা আন্দোলনের চেতনা থেকে শুরু করে জাতির ঐতিহাসিক সংগ্রাম ও সৃজনশীল অবদানের ধারাবাহিক স্মারক। জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-সাহিত্য চর্চাকে রাজনীতিমুক্ত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব ক্ষেত্রকে আরও বিকশিত করতে সরকার প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে। একটি নৈতিক ও উদার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠনে জ্ঞানচর্চার বিকল্প নেই বলেও তিনি মত দেন। ফেব্রুয়ারি মাসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের প্রতীক এবং অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের স্মারক।
এ বছর চলচ্চিত্র, সংগীত, স্থাপত্য, শিক্ষা, সাংবাদিকতা, ভাস্কর্য ও অন্যান্য ক্ষেত্রে অবদানের জন্য নয়জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি সংগঠনকে একুশে পদক প্রদান করা হয়। প্রধানমন্ত্রী ভাষা শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান। অনুষ্ঠান শেষে তিনি তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।