নির্বাচনে অপরাধ দমনে ৫ দিনের জন্য ৬৫৭ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১৭:১৮ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন-পূর্ব, ভোটের দিন ও ভোট-পরবর্তী সময়ে সংঘটিত অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার পাঁচ দিনের জন্য ৬৫৭ জন বিচারককে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে। এ নিয়োগ কার্যকর থাকবে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে মনোনীত এসব জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের তালিকা নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠানো হয়েছে। মনোনয়ন সংক্রান্ত চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের ৩০০টি নির্বাচনি এলাকায় ভোট গ্রহণের আগের দুই দিন, ভোটের দিন এবং ভোট গ্রহণের পরের দুই দিন মিলিয়ে মোট পাঁচ দিন তারা দায়িত্ব পালন করবেন। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের এই ৬৫৭ জন বিচারককে নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে। তারা ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচনি অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনা করবেন এবং প্রয়োজনে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ অনুসারে আইনগত ব্যবস্থা নিতে পারবেন।
এর আগে নির্বাচনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাহী কার্যক্রম জোরদার করতে জনপ্রশাসন মন্ত্রণালয় সারাদেশে এক হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়। তারা আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।