সরকার গঠনের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাষণটি সরাসরি সম্প্রচার করা হয়। প্রায় ২০ মিনিটের বক্তব্যে তিনি দেশের বর্তমান পরিস্থিতি ও সরকারের প্রাথমিক কর্মপরিকল্পনা তুলে ধরেন।
ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময়ের অব্যবস্থাপনা, দুর্নীতি ও দুঃশাসনের কারণে দেশের অর্থনীতি ও প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথাও উল্লেখ করে তিনি বলেন, এমন একটি কঠিন বাস্তবতায় নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এই পরিস্থিতি মোকাবিলায় সবার সহযোগিতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। আইনশৃঙ্খলার উন্নয়ন, কঠোরভাবে দুর্নীতি দমন এবং প্রশাসনে জবাবদিহিতা প্রতিষ্ঠাকে তিনি সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেন। দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করা হবে এবং রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার অঙ্গীকার করেন তিনি।
অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে বিশেষ টাস্কফোর্স গঠন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়ে তিনি বলেন, জনগণের স্বস্তি ফেরানোই সরকারের লক্ষ্য। ভাষণের শেষে তিনি দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে অংশ নেওয়ার আহ্বান জানান।