দখিনের সময় রিপোর্ট:
আসন্ন রমজান মাসেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। ঈদের আগেই কার্যক্রম শুরু করার লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তিনি জানান, নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের কাঠামো ও প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কীভাবে কার্ড বিতরণ করা হবে, কোন শ্রেণির মানুষ অগ্রাধিকার পাবে এবং ব্যবস্থাপনা কেমন হবে—এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী আরও বলেন, প্রাথমিকভাবে এটি পাইলট আকারে চালু হলেও পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানো হবে। বাস্তবায়ন তদারকির জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।
কার্ডের আওতায় কত পরিবার আসবে—এ প্রশ্নের জবাবে তিনি জানান, পরিকল্পনাটি মূলত সার্বজনীন হলেও প্রথম ধাপে হতদরিদ্রদের অগ্রাধিকার দেওয়া হবে। পরে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোকে ধাপে ধাপে অন্তর্ভুক্ত করা হবে।