আন্দোলনের নামে সাধারণ মানুষের উপর জুলুম হতে দেবো না: র্যাব ডিজি
দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১৫:০৬ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দাবি আদায় বা আন্দোলনের আড়ালে সাধারণ মানুষের ওপর কোনো ধরনের জুলুম সহ্য করা হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন র্যাবের মহাপরিচালক একেএম শাহিদুর রহমান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দেশব্যাপী র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। র্যাব ডিজি উল্লেখ করেন, গত দেড় বছরে বিশেষ করে জুলাই-আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ভঙ্গুর ছিল। সে সময় গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করা হয়েছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে এবং একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা হবে। তিনি দাবি করেন, সম্মিলিত প্রচেষ্টায় একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে এবং বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও স্থিতিশীল হচ্ছে। অপরাধ দমনে র্যাবের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
একেএম শাহিদুর রহমান আরও বলেন, কোনো অবস্থাতেই যেন আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সে বিষয়ে বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। দাবি আদায় বা আন্দোলনের নামে সাধারণ মানুষকে জিম্মি করে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। দেশবাসী যাতে নির্বিঘ্নে চলাফেরা ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সে লক্ষ্যেই র্যাব কাজ করছে। গণমাধ্যম ও জনগণের সহযোগিতায় পরিস্থিতি আরও উন্নত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।