প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের কূটনৈতিক সাক্ষাৎ
দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১৭:০২ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় রিপোর্ট:
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পরপরই বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করেছেন। জাতীয় সংসদ ভবনে আয়োজিত সৌজন্য সাক্ষাতে বিদেশি প্রতিনিধিরা নতুন সরকারের প্রতি সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত পৃথক বৈঠকগুলো ছিল অত্যন্ত আন্তরিক ও কূটনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। এসব সাক্ষাতে উপস্থিত ছিলেন দাশো শেরিং তোবগে, যিনি বিশেষ আমন্ত্রণে ঢাকায় আসেন। এছাড়া তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি, পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যমমন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, কানেকটিভিটি উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সমন্বিত উদ্যোগের বিষয়গুলো গুরুত্ব পায়। প্রতিনিধিরা বাংলাদেশের স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিকে দক্ষিণ এশিয়ার সামগ্রিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে উন্নয়ন সহযোগী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি শপথ নেন; অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং শুভেচ্ছা বার্তা পাঠান।