দখিনের সময় রিপোর্ট:
জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া স্বাভাবিক ও নিরবচ্ছিন্নভাবে চলবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট করে বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান অটল।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা জানান। আইনমন্ত্রী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, রাষ্ট্র তাদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা নিশ্চিত করবে। মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া আইনগত কাঠামো মেনে, স্বচ্ছতা ও ন্যায়বিচারের মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হবে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি জানান, বিচার কার্যক্রমে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা বিলম্ব বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতেই সব পদক্ষেপ নেওয়া হবে।