• ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১৪:৩৫ অপরাহ্ণ
কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি দেশ ও জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বলেন, “আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা মনে করি। তাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমাদেরই দায়িত্ব নিতে হবে।” তিনি কর্মকর্তা-কর্মচারীদের সরকারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে বলেন, জনগণ সরকারের কাছে অনেক প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। সরকার তখনই সফল হবে, যখন প্রশাসন আন্তরিকভাবে সহযোগিতা করবে। স্বাস্থ্য, শিক্ষা, নারী শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়াসহ নির্বাচনি ইশতেহারে উল্লেখিত সব অঙ্গীকার বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্নীতি দমনে কঠোর অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তা রক্ষা এবং সরকারি নিয়ম-নীতি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেন। সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার এবং সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে কার্যালয়ের গঠন ও কার্যাবলি নিয়ে একটি উপস্থাপনাও তুলে ধরা হয়।