• ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ঋণের বোঝা নেয়ার চেয়ে লোডশেডিং সহ্য করা ভালো: বিদ্যুৎমন্ত্রী

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১৫:২২ অপরাহ্ণ
ঋণের বোঝা নেয়ার চেয়ে লোডশেডিং সহ্য করা ভালো: বিদ্যুৎমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশের ওপর বিশাল ঋণের বোঝা চাপিয়ে চিরস্থায়ী বিদ্যুৎ সরবরাহের চেয়ে লোডশেডিংয়ের কষ্ট সহ্য করা অনেক বেশি ভালো। তিনি বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে ‘ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ’ (এফইআরবি)-এর অনুষ্ঠানে এই মন্তব্য করেন। মন্ত্রী বিগত সরকারের অপরিকল্পিত নীতি ও বিদ্যুৎকেন্দ্র স্থাপনকে কঠোর সমালোচনা করে বর্তমান পরিস্থিতিকে ‘উত্তরাধুনিক বিশৃঙ্খল অবস্থা’ হিসেবে আখ্যায়িত করেন।
মন্ত্রী বলেন, “আগে লোডশেডিং থাকলেও তা দেশের অর্থনৈতিক অবস্থা নষ্ট করত না। এখন ঠিক আছে, আলো আছে, কিন্তু সেই আলোর নিচে ঋণের পাহাড় অনেক ভারী।” বিদ্যুৎ খাতে বকেয়া এবং ঋণের ভার নিয়ে তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের কাছে বিপিডিবি-এর বকেয়া বিল ১৩–১৪ হাজার কোটি টাকা পর্যন্ত পৌঁছেছে। সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় সিস্টেম লস বর্তমানে ১০ শতাংশে পৌঁছেছে, যা প্রতি ১ শতাংশ অপচয়ে ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতি সৃষ্টি করছে। সরকার প্রথমে ৫ শতাংশ এবং পরবর্তীতে ৩ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে।
জ্বালানি সংকটের প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিদেশি উৎসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে বর্তমান সংকট দেখা দিয়েছে। সরকার এখন দেশীয় কূপ থেকে গ্যাস উত্তোলন এবং নিজস্ব রিগ কেনার উদ্যোগ নিয়েছে। এছাড়া আবাসিক গ্রাহকদের জন্য প্রিপেইড মিটার স্থাপনের মাধ্যমে দ্রুত এবং সহজে গ্যাস সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা চলছে। তবে এটি সময়সাপেক্ষ হওয়ায় সামনের গরমের মাসগুলোতে চাপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।