• ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আশা করি ইরানে হামলা চালাতে হবে না

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ
আশা করি ইরানে হামলা চালাতে হবে না
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে এখনই সামরিক পদক্ষেপ নেওয়া হবে না বলে তিনি আশাবাদী। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমার প্রথম মেয়াদে আমরা সেনাবাহিনীকে শক্তিশালী করেছি। এখন আমাদের একটি বড় ও শক্তিশালী যুদ্ধজাহাজ ইরানের দিকে যাচ্ছে। আশা করি, আমাদের এটি ব্যবহার করতে হবে না।” তিনি আরও জানান, ইরানের সঙ্গে আলোচনাও হয়েছে এবং পরিকল্পনা রয়েছে, তবে মূল লক্ষ্য হলো প্রয়োজনে শক্তি দেখানো হলেও তা প্রয়োগ না করা।
ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে মার্কিন সামরিক পদক্ষেপ সম্পূর্ণরূপে ট্রাম্পের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, “আমরা প্রস্তুত, তবে ট্রাম্প এখনো সব বিকল্প পুনর্বিবেচনা করছেন।” সম্প্রতি মধ্যপ্রাচ্যে আরও একটি মার্কিন যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে, যার ফলে সেখানে যুক্তরাষ্ট্রের মোট ছয়টি ডেস্ট্রয়ার মোতায়েন হলো। এছাড়া একটি বিমানবাহী রণতরী ও তিনটি লিটোরাল কমব্যাট শিপও অঞ্চলটিতে রয়েছে।
ইরানও সম্ভাব্য সামরিক উত্তেজনার জন্য প্রস্তুত অবস্থায় আছে। ইরান রেভল্যুশনারি গার্ড কোরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নায়েনি জানিয়েছেন, সম্ভাব্য সব ধরনের শত্রুতার মোকাবিলায় তাদের বিস্তারিত কর্মপরিকল্পনা তৈরি। এদিকে আঞ্চলিক কূটনীতিক তৎপরতা জোরদার হয়েছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আলোচনার মাধ্যমে বিরোধ নিরসনের আহ্বান জানিয়েছেন, সামরিক পদক্ষেপকে “ভুল সিদ্ধান্ত” হিসেবে উল্লেখ করে।