• ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পোস্টাল ভোটে ইসির জরুরি নির্দেশনা

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১৭:০৮ অপরাহ্ণ
পোস্টাল ভোটে ইসির জরুরি নির্দেশনা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়া ভোটারদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়ে ইসি জানিয়েছে, এতে ব্যত্যয় ঘটলে ভোট বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে।
নির্দেশনা অনুযায়ী, পোস্টাল ভোটে নিবন্ধনকারী যেসব ভোটার এখনও ব্যালটের খামের ওপর মুদ্রিত কিউআর কোড স্ক্যান করেননি, তাদের আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের (বাংলাদেশ সময়) মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে। একই সময়সীমার মধ্যে কিউআর কোড স্ক্যান করা খাম ও ব্যালট পেপার নির্ধারিত নিয়মে পোস্ট অফিসে জমা দিতে হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়। ইসি স্পষ্টভাবে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কিউআর কোড স্ক্যান না হলে সংশ্লিষ্ট ভোটারের ব্যালট বাতিল হিসেবে গণ্য হবে। স্বচ্ছতা, সঠিক যাচাই এবং নির্ভুল ভোট গণনা নিশ্চিত করতেই এই ডিজিটাল যাচাইকরণ প্রক্রিয়াকে বাধ্যতামূলক করা হয়েছে।
এদিকে, ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী এবং বাংলাদেশে অবস্থানরত ভোটারদের জন্য আলাদা নির্দেশনা দিয়েছে ইসি। ব্যালট পেপার পাওয়ার পরপরই ভোট প্রদান করে ব্যালট সংবলিত হলুদ খাম নিকটস্থ পোস্ট অফিসে জমা দিতে বলা হয়েছে। এসব খাম জমা দেওয়ার শেষ সময়ও ১০ ফেব্রুয়ারি। ইসি জানিয়েছে, সময়মতো রিটার্নিং অফিসারের কাছে ব্যালট পৌঁছানো নিশ্চিত করতেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তাই সংশ্লিষ্ট সব ভোটারকে জাতীয় দায়িত্ব পালনে নির্দেশনা ও সময়সীমা কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।