• ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচারণার সময়সীমা জানাল নির্বাচন কমিশন

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১৭:৫৪ অপরাহ্ণ
প্রচারণার সময়সীমা জানাল নির্বাচন কমিশন
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেওয়া প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায়। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ভোটের আগে নির্ধারিত সময় অনুযায়ী ওই সময়ের পর সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ থাকবে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রচারণা বন্ধ রাখার বিধান অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের সভা, মিছিল, প্রচারপত্র বিতরণসহ নির্বাচনী কার্যক্রম নিষিদ্ধ হবে। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুজনিত কারণে ওই আসনের ভোট বাতিল হওয়ায় এবার ২৯৯টি আসনে নির্বাচন হচ্ছে। ইসি সূত্র জানায়, ইতোমধ্যে ৪৯টি জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে এবং বাকি জেলাগুলোতেও নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট পৌঁছে যাবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন, যার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২২০ জন।
নির্বাচনে অংশ নিচ্ছে মোট ৫১টি রাজনৈতিক দল এবং মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ৩৪ জন। এর মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। ইসি জানিয়েছে, সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে। নির্বাচনি দায়িত্ব পালনে প্রায় ৮ লাখ কর্মকর্তা এবং নিরাপত্তা নিশ্চিতে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। পাশাপাশি দেশি ও বিদেশি পর্যবেক্ষকরাও ভোট পর্যবেক্ষণে থাকবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।