বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা বিএনপির তিন নেতাকে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহিদউল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহাবুবুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য রাশেদুল ইসলাম টিটন ও গৈলা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী সেলিমুল ইসলাম সেলিমকে স্ব-স্ব পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, চলমান নির্বাচনী প্রক্রিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে সক্রিয় না থেকে, বহিষ্কৃত নেতারা স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের পক্ষে তৎপর ছিলেন এমন অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে দলের ভেতরে আলোচনা ও অস্বস্তি চলছিল।
উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক শক্তি সুসংহত রাখার স্বার্থে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।