দখিনের সময় ডেস্ক:
দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি ও কর্মমুখী শিক্ষাকে সময়োপযোগী ও বাজারভিত্তিক করার ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, আধুনিক অর্থনীতির চাহিদা পূরণে শিক্ষাব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন অপরিহার্য।
বুধবার (৩ মার্চ) সকাল ১০টায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম। শিক্ষামন্ত্রী জানান, কারিগরি শিক্ষার বিভিন্ন সূচক ও কর্মদক্ষতা নির্দেশক (কেপিআই) প্রাথমিকভাবে পর্যালোচনা করা হয়েছে এবং এগুলো আরও গভীরভাবে বিশ্লেষণ করে প্রয়োজনীয় সংস্কার নেওয়া হবে। তিনি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ জোরদার করা, শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ গড়ে তোলা এবং কারিকুলাম ও সিলেবাস আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন। অতিরিক্ত তাত্ত্বিক নির্ভরতা কমিয়ে ব্যবহারিক প্রশিক্ষণ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। পাশাপাশি তিনি কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনার অপেক্ষায় না থেকে নিজ নিজ ক্ষেত্রে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় দেশের মানবসম্পদ উন্নয়নের কেন্দ্রবিন্দু। বিপুল জনসংখ্যাকে দক্ষতায় রূপান্তর করা গেলে তা অর্থনৈতিক অগ্রগতির প্রধান শক্তিতে পরিণত হবে। এ লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়িয়ে আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি প্রেরণের সুযোগ সম্প্রসারণ করা হবে বলে জানান তিনি। সভা শেষে তিনি সবার আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
Post Views: ৩