সীমানা নির্ধারণ সংক্রান্ত আইনি জটিলতা ও আদালতের চলমান প্রক্রিয়ার কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোটগ্রহণ আপাতত স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, আদালতের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই দুই নির্বাচনী এলাকায় ভোটের সব কার্যক্রম বন্ধ থাকবে।
শনিবার (১০ জানুয়ারি) এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়। নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত স্মারকে জানানো হয়, জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৬৮ (পাবনা-১) ও ৬৯ (পাবনা-২)-এর সীমানা সংক্রান্ত মামলায় আপিল বিভাগ গত ৫ জানুয়ারি আদেশ দিয়েছেন। ওই আদেশের পরিপ্রেক্ষিতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে এই দুই আসনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোট কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, গত বছরের ৪ সেপ্টেম্বর সংসদীয় আসন পুনর্বিন্যাস করে ইসি চূড়ান্ত গেজেট প্রকাশ করে, যেখানে সাঁথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা-২ আসন নির্ধারণ করা হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে রিটের পর হাইকোর্ট আংশিকভাবে গেজেট বাতিল করে সংশোধনের নির্দেশ দেন। পরে বিষয়টি আপিল বিভাগে গেলে সংশোধিত বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত হয়। ফলে চূড়ান্ত রায় না আসা পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোট বন্ধ থাকবে, তবে দেশের বাকি ২৯৮টি আসনে নির্বাচন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।