বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে যুক্তরাষ্ট্র
দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৬, ১৮:৩৬ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে দেশটি।
শুক্রবার (৯ জানুয়ারি) ওয়াশিংটন ডিসিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার। শনিবার (১০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন ছাড়াও বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। ড. খলিলুর রহমান নির্বাচনের প্রস্তুতি ও আয়োজন সম্পর্কে যুক্তরাষ্ট্রকে অবহিত করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। হুকার জানান, ফেব্রুয়ারির নির্বাচনে একটি অবাধ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে—এমন প্রত্যাশা যুক্তরাষ্ট্রের রয়েছে।
বৈঠকে সাম্প্রতিক ‘ভিসা বন্ড’ ব্যবস্থার কারণে বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে যাতায়াত সহজ করার অনুরোধ জানান ড. খলিলুর রহমান। বিশেষ করে বি-১ ব্যবসায়িক ভিসার ক্ষেত্রে এই শর্ত শিথিল করার আহ্বান জানানো হলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন হুকার। পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন তিনি এবং সংকট সমাধানে আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিনিয়োগ, বেসরকারি খাতের অর্থায়ন ও ভবিষ্যৎ কৌশলগত সহযোগিতা নিয়েও আগ্রহ প্রকাশ করেছে বলে বৈঠকে জানানো হয়।