দখিনের সময় ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে এ সিদ্ধান্ত দেওয়া হয়।
ইসি জানায়, সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তি থাকায় মান্নার করা আপিল গ্রহণ করা হয়েছে। এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বগুড়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছিলেন। তখন বলা হয়েছিল, হলফনামায় বিভিন্ন অসংগতি রয়েছে এবং প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে উপস্থাপন করা হয়নি।
রিটার্নিং কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, মান্না হলফনামায় ফৌজদারি মামলার তথ্য উল্লেখ করেননি, এফিডেভিট সম্পাদনের তারিখ ও স্বাক্ষরের মধ্যে অসামঞ্জস্য ছিল এবং সম্পদ বিবরণীর ফরমও দাখিল করা হয়নি। এসব কারণ দেখিয়ে মনোনয়ন বাতিল করা হলেও পরবর্তীতে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক। শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।