দায়িত্ব গ্রহণের মাত্র তিন দিনের মাথায় স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের উদ্যোগ নিয়েছে নবগঠিত সরকার। ঢাকার দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এর পরিপ্রেক্ষিতে ইসিও প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী সপ্তাহেই কমিশনের বৈঠকে সম্ভাব্য কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হতে পারে। আইন অনুযায়ী, কোনো সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। ঢাকা দক্ষিণ সিটির প্রথম সভা হয়েছিল ২০২০ সালের ২ জুন, ফলে এর মেয়াদ শেষ হয়েছে গত বছরের ১ জুন। ঢাকা উত্তর সিটির প্রথম সভা ৩ জুন হওয়ায় এর মেয়াদ শেষ হয়েছে ২ জুন। আর চট্টগ্রাম সিটির প্রথম সভা ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ায় এর মেয়াদ শেষ হচ্ছে ২২ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, চিঠি পাওয়ার পর থেকেই প্রস্তুতি শুরু হয়েছে এবং অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত প্রতিনিধিদের অপসারণ করা হয় এবং বর্তমানে প্রশাসকের মাধ্যমে এসব প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। নতুন সরকারের এই উদ্যোগ স্থানীয় সরকার ব্যবস্থায় নির্বাচিত নেতৃত্ব ফিরিয়ে আনার পথ খুলে দিতে পারে।