সরকারের নতুন সামাজিক সুরক্ষা উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করতে আগামী ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে প্রাথমিকভাবে ১৪টি উপজেলায় একটি করে ইউনিয়নে এ কর্মসূচি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রতিটি কার্ডের বিপরীতে আড়াই হাজার টাকা সহায়তা দেওয়া হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ফ্যামিলি কার্ড চালু সংক্রান্ত কমিটির সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ১০ মার্চ বগুড়ায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবং পরীক্ষামূলকভাবে ১৪টি উপজেলায় এ সুবিধা দেওয়া শুরু হবে।
নারী ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, প্রথম ধাপে নির্বাচিত ১৪টি ইউনিয়নের নির্দিষ্ট ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সরকার এটিকে সার্বজনীন সামাজিক সহায়তা ব্যবস্থায় রূপ দিতে চায়।