সম্প্রতি মেট্রোরেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনার কারণে মেট্রোর যাত্রী কমে গেছে বলে জানিয়েছেন ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সামনে নজরদারি আরও বাড়ানো হবে এবং স্টেশনের নিচেও সিসি ক্যামেরা বসানো হবে।
ডিএমটিসিএলের এমডি জানান, আগে দৈনিক গড়ে চার লাখ ৬০ হাজার যাত্রী যাতায়াত করতেন। এ সংখ্যা এখন চার লাখের আশেপাশে রয়েছে। ভূমিকম্পে মেট্রোরেলের ফিজিক্যাল কোনও ক্ষতি হয়নি বলেও জানান তিনি। তিনি বলেন, গত ২১ নভেম্বর সারা দেশে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেবল দুইটা টেইলস পড়ছে। ফাটলের বিষয়টি জানা নেই। আপনার আমার বাসা বাড়িতেও এমন জিনিস পড়েছে। এমডি জানান, এর আগে বিভিন্ন সময়ে, ড্রোন, ৭টি ককটেল, আর্বজনাসহ নানা কিছু পাওয়া গেছে। পরবর্তী সরকার না আসা পর্যন্ত দিয়াবাড়ি থেকে টঙ্গি রুটের কোনও অগ্রগতি নেই বলেও জানান তিনি।
ফারুক আহমেদ বলেন, রোববার রাজধানীর সচিবালয় স্টেশনে মেট্রোরেলের দুই কোচের মাঝে দিয়ে এক কিশোর ছাদে উঠে পড়ার ঘটনা আরও ভয়াবহ হতে পারতো। সিসি ক্যামেরা দেখে ছাদে ওঠা ওই কিশোরকে উদ্ধার করা হয়। এরপর থেকে গতকাল এবং আজ নজরদারিতে রাখা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাসের জন্য গতকাল তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। তিনি আরও বলেন, সবকিছু চেক করার জন্য প্রতিদিন আমরা পাবলিকব সার্ভিস শুরুর আগে একটা সুইফার ট্রেন চালাই। তবে সেদিন (২১ নভেম্বরের ভূমিকম্পের দিন) আমরা দুইটি সুইফার চালিয়েছি। যে কারণে লেট হয়েছে।