• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বৈরুতের বাসিন্দাদের উদ্দেশে ইসরায়েলের জরুরি সতর্কবার্তা

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৩, ২০২৬, ১৫:০৭ অপরাহ্ণ
বৈরুতের বাসিন্দাদের উদ্দেশে ইসরায়েলের জরুরি সতর্কবার্তা
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

বৈরুতের দক্ষিণাঞ্চলের একাধিক শহর ও কয়েক ডজন গ্রামের বাসিন্দাদের উদ্দেশ্যে জরুরি সতর্কবার্তা জারি করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স। সম্ভাব্য হামলার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকা দ্রুত খালি করার আহ্বান জানানো হয়েছে।

ইসরায়েল ডিফেন্স ফোর্স জানিয়েছে, যেসব ভবন বা স্থাপনাকে হিজবুল্লাহর সঙ্গে সম্পৃক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেসব স্থাপনার আশপাশে অবস্থান ঝুঁকিপূর্ণ। সংস্থাটির আরবি ভাষার মুখপাত্র আভিচায় আদরাই এক বার্তায় স্থানীয় বাসিন্দাদের অবিলম্বে বাড়িঘর ত্যাগ করার আহ্বান জানান। তিনি বলেন, নিজের নিরাপত্তার স্বার্থে নির্ধারিত এলাকা থেকে দূরে সরে যাওয়া জরুরি। এ বিষয়ে লেবাননের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এদিকে পারমাণবিক কর্মসূচি ইস্যুতে আলোচনা ভেস্তে যাওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। পরবর্তী সময়েও হামলা অব্যাহত রয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্যমতে, এ পর্যন্ত অন্তত ৫৫৫ জন নিহত এবং বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে।