• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলনের তীব্রতা যত বৃদ্ধি পাবে, প্রশাসন তত নিরপেক্ষ হবে: আমু

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২, ২০২৩, ২১:১৭ অপরাহ্ণ
আন্দোলনের তীব্রতা যত বৃদ্ধি পাবে, প্রশাসন তত নিরপেক্ষ হবে: আমু
দখিনের সময় ডেস্ক:
আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, আন্দোলনের তীব্রতা যত বেশি বৃদ্ধি পাবে প্রশাসন তত বেশি নিরপেক্ষ হবে। এটাই হচ্ছে বাস্তবতা। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে জানিয়ে বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের বর্ষিয়ান এ নেতা।
আজ বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৫ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে জেলা নির্বাচন কার্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন  আমির হোসেন আমু। তিনি বলেন, বিএনপি ভোট বিধ্বস্ত করার জন্য ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে আন্দোলনের নামে ৬০০ স্কুল-মাদ্রাসা পুড়িয়ে দিয়েছে। হাজার হাজার মানুষ মেরেছে।
বিএনপির উদ্দেশে আমির হোসেন আমু বলেন, তারা আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস করেছে। এটা কোনোপ আন্দোলন হতে পারে না। আন্দোলনে জনসম্পৃক্ততা থাকতে হয়, না হলে কোনো আন্দোলনই গতি পায় না। তিনি বলেন, ‘আপনারা নির্বাচনে যাবেন না, চ্যালেঞ্জও করবেন না তাহলে সেই নির্বাচনে যে কোনো একজন তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেনই। কোনো নির্বচনে প্রতিদ্বন্দ্বিতা না থাকলে সেখানে কাউকে না কাউকে তো বিজয়ী ঘোষণা করতেই হবে। এটা দোষের কিছু না। এটাই হচ্ছে নিয়ম। নির্বাচনের না এসে বাইরে বসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে কথা বলার কোনো মানে নেই।’
ঝালকাঠির জেলা প্রসাশক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে ভোটার দিবসের আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান খান সাইফুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান ও জেলা নির্বাচন কর্মকর্তা অহিদুজ্জামান মুন্সি।