• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় : আসাদুজ্জামান খান

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২২, ২০২৩, ২৩:৩৭ অপরাহ্ণ
বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় : আসাদুজ্জামান খান
দখিনের সময় ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘নির্বাচনে যাবেন না, আবার নির্বাচন করতেও দেবেন না।’ তাহলে কীভাবে ক্ষমতায় যেতে চান? আপনারা কী ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চান? এ ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না। বুধবার বিকেলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ওসমানী হল মাঠে ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত ২৪, ২৫ (পূর্ব), ২৫ (পশ্চিম), ২৬, ২৭, ৩৫, ৩৬ ও ৯৯ নং ওয়ার্ডের ইউনিটসমূহের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুবলীগ আজ অনেক পরিশুদ্ধ। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন তৃণমূলে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে সম্মেলন করতে হবে। আমরা এমন নেতৃত্ব চাই, যাদের বিরুদ্ধে কোনো মাদকের অভিযোগ নেই। যারা ডাক দিলে নেতাকর্মীতে ভরে যাবে। তেমন দক্ষ নেতৃত্ব আশা করছি। তেজগাঁও অঞ্চল আওয়ামী লীগের দুর্গ।
ঢাকা মহানগর উত্তরের যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। এছাড়াও বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন প্রমুখ। শেখ ফজলে শামস্ পরশ বলেন, ধিক্কার জানাই বিএনপিকে যারা যুদ্ধাপরাধীদের সঙ্গে আঁতাত ও আপস করে তাদের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের চরম অপমান করেছিল। বিএনপি যদি রাষ্ট্রীয় দায়িত্বে আসে ওরা এবার যুদ্ধাপরাধীদের ছেড়ে দেবে বীর মুক্তিযোদ্ধাদের ওপর চড়াও হওয়ার জন্য।