• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনজিওকর্মীর সঙ্গে পরকীয়া ছিল বাবুলের, দাবি মিতুর বাবার

দখিনের সময়
প্রকাশিত মে ১২, ২০২১, ২২:২৩ অপরাহ্ণ
এনজিওকর্মীর সঙ্গে পরকীয়া ছিল বাবুলের, দাবি মিতুর বাবার

দখিনের সময ডেক্স:

এক এনজিওকর্মীর সঙ্গে ২০১৩ সালে পরকীয়া হয় সাবেক এসপি বাবুল আকতারের। তখন তিনি কক্সবাজারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি জেনে গিয়েছিলেন স্ত্রী মাহমুদা খানম মিতু। এ নিয়ে দুজনের দাম্পত্য কলহ চলছিল। একপর্যায়ে বাবুল ও তার পরকীয়া প্রেমিকা মিতুকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেন।

এ অভিযোগ করেছেন মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন। তিনি আজ বুধবার(১২ মে) বেলা দুইটার দিকে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় বাবুলসহ আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, মৃত্যুর আগে মিতু বিষয়টি তাদের জানিয়েছিলেন। পারিবারিকভাবে তারা বিষয়টি সমাধানেরও চেষ্টা করেছেন। কিন্তু সফল হননি। একপর্যায়ে বাবুল ও ওই নারী মিতুকে মেরে ফেলার হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি।

মিতুর বাবা বলেন, মামলায় বাবুলসহ আটজনকে আসামি করা হয়েছে। বাকি সাতজনের নাম আগের মামলায় পুলিশের তদন্তে এসেছিল। আসামিরা হলেন- বাবুল আক্তার, কামরুল সিকদার মুসা, এহতেশামুল হক ভোলা, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ সাজু ও মোহাম্মদ কালু।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন ভোরে চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় মাহমুদা খানম ওরফে মিতুকে।