• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেফতারের পর মালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগ

দখিনের সময়
প্রকাশিত মে ২৭, ২০২১, ০৯:১০ পূর্বাহ্ণ
গ্রেফতারের পর মালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগ

দখিনের সময় ডেস্ক:

সামরিক বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার দুই দিন পর মালির প্রেসিডেন্ট বাহ নদা ও প্রধানমন্ত্রী মক্টর ওয়ান পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগের খবর জানিয়েছেন দেশটির জান্তা সরকারের এক উপদেষ্টা। জান্তাপ্রধান আসিমি গোয়েতার বিশেষ উপদেষ্টা বাবা সিসে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, প্রেসিডেন্ট এনদাও ও প্রধানমন্ত্রী উয়ানে পদত্যাগ করেছেন। তাদের মুক্তি ও নতুন সরকার গঠনের বিষয়ে আলোচনা চলছিল।

অন্তর্র্বতীকালীন সরকারের মন্ত্রিসভায় রদবদলের পরই ক্ষমতা দখল করে নেয় সেনাবাহিনী। এরপর ২৪ মে দেশটির প্রেসিডেন্ট বাহ নদা, প্রধানমন্ত্রী মক্টর ওয়ান ও প্রতিরক্ষামন্ত্রী সোলাইমান ডোকুরেকে গ্রেফতার করে অন্তর্র্বতীকালীন ভাইস প্রেসিডেন্ট আসিমি গোয়েতার নেতৃত্বে পরিচালিত সেনারা।

এর মধ্যে গত সোমবার ছিল অন্তর্র্বতীকালীন সরকারের মন্ত্রিসভায় রদবদল। এ সময় মন্ত্রিসভা থেকে বাদ পড়েন দুজন সেনা কর্মকর্তা। এতে ক্ষুব্ধ হয় দেশটির সেনাবাহিনী। পরে সোমবার তারা অভ্যুত্থান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের রাজধানী বামাকোর কাছেই একটি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়।

গত বছরের আগস্টে রাষ্ট্রীয় ক্ষমতা নেয় সেনাবাহিনী। এরপর তারা বেসামরিক শাসন ফেরানোর লক্ষ্যে বাহ নদা ও মক্টর ওয়ানকে ১৮ মাসের অন্তর্র্বতী সরকারের দায়িত্ব দেয়। কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে সেনাবাহিনীর উপস্থিতির সমালোচনা করেন নদা ও ওয়ান।