1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মধ্যবর্তী নির্বাচন নিয়ে ট্রাম্পের অসন্তোষ, সহযোগীদের দোষারোপ

dokhinersomoy
October 18, 2026 11:56 am
Link Copied!

দখিনের সময় ডেস্ক
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার লড়াইয়ে রিপাবলিকান দলের নির্বাচনী কৌশল হোঁচট খাচ্ছে। এ পরিস্থিতিতে দলটির জ্যেষ্ঠ সহযোগী ও রাজনৈতিক কর্মীদের দায়ী করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় ব্যয়, নির্বাচনী এলাকার সীমানা পুনর্র্নিধারণ এবং প্রার্থী বাছাই নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।
ট্রাম্প নিজে ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রার্থী নন। তবে যেসব সমর্থক অন্যথায় ভোট দিতে যেতেন না, তাদের উৎসাহিত করতে তিনি বারবার সমর্থকদের এমনভাবে আচরণ করতে বলছেন, যেন তিনিই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ লক্ষ্যে তিনি দেশজুড়ে ব্যস্ত প্রচারণা চালাচ্ছেন। তবে নির্বাচনী কৌশল নির্ধারণে নিজের ভূমিকা এবং তার অজনপ্রিয়তা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোতে রিপাবলিকান প্রার্থীদের ওপর কী প্রভাব ফেলছে, তা তিনি এড়িয়ে যাচ্ছেন। রাজনৈতিক ব্যর্থতার দায় থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা ট্রাম্পের দীর্ঘদিনের। ২০২০ সালের নির্বাচনে পরাজয় তিনি মেনে নিতে অস্বীকার করেছিলেন। ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে তিনি বলেছিলেন, রিপাবলিকানরা জিতলে এর ‘পুরো কৃতিত্ব’ তাঁর প্রাপ্য হবে। তবে দলটি হেরে গেলে তাঁকে ‘কোনোভাবেই দোষারোপ করা উচিত নয়’। সম্প্রতি তিনি সমাবেশগুলোতে স্মরণ করিয়ে দিয়েছেন, সাধারণত মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন দলের ফল খারাপ হওয়ার প্রবণতা থাকে।
মতবিরোধের কেন্দ্রে রয়েছেন ট্রাম্পের সুপার প্যাক ‘ম্যাগা ইনকরপোরেটেড’-এর পরিচালক ও দীর্ঘদিনের সহযোগী জেমস ব্লেয়ার এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস। এত দিন মূলত সমালোচনার বাইরে থাকা ওয়াইলসের তদারকি নিয়েও এখন প্রশ্ন উঠছে। নির্বাচনী তহবিল ব্যবস্থাপনায় ব্লেয়ারের সমালোচনা করেছেন ট্রাম্প। অন্যদিকে, রাজনৈতিক কর্মকাণ্ডে ওয়াইলসের তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন হোয়াইট হাউসের কিছু কর্মকর্তা ও মিত্র।
নির্বাচনী প্রচারণায় বিপুল অর্থ ব্যয়ের পরও জনমত জরিপে রিপাবলিকানদের অবস্থানের উন্নতি না হওয়ায় ট্রাম্প প্রশ্ন তুলছেন। একই সঙ্গে তার উপদেষ্টারাও একে অপরকে দায়ী করছেন। সংশ্লিষ্ট এক ব্যক্তি জানিয়েছেন, ওয়াইলস ব্লেয়ারকে দায়ী করেছেন, আর ব্লেয়ার সমালোচনা করেছেন হোয়াইট হাউসের আইনবিষয়ক দলের। ওই ব্যক্তি বলেন, ‘আসলে যা ঘটছে, তা হলো নিজেদের মধ্যে গোলাগুলি।’
জনমত জরিপে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা জয় পেতে পারে। তবে সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই এখনো অনিশ্চিত। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে তার আইন প্রণয়নের কর্মসূচি বাধাগ্রস্ত হতে পারে। একই সঙ্গে ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্ত চালাতে সমন জারির ক্ষমতা পাবে। শুক্রবার ওয়াইলসের পক্ষ নিয়ে ট্রাম্প তাঁকে ‘বুদ্ধিমতী’ ও ‘কঠোর’ বলে অভিহিত করেন। তিনি জানান, ওয়াইলস তার পদে বহাল থাকবেন। ট্রাম্প বলেন, ‘সুসি এখানে আছেন এবং তিনি আরও অনেক দিন থাকবেন।’ হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গেল সূত্রগুলোর বর্ণনা প্রত্যাখ্যান করে বলেন, তারা ‘ঘরে বসে থাকা বিশেষজ্ঞ, যারা ভিত্তিহীন জল্পনা-কল্পনা ছড়াচ্ছেন’। মন্তব্য জানতে চাওয়া হলেও ওয়াইলস সাড়া দেননি।