দখিনের সময় রিপোর্ট:
দেশে শ্রমিক অসন্তোষ, ইউরোপে রাজনৈতিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রে উচ্চ মূল্যস্ফীতির কারণে চাপে পড়েছে বাংলাদেশের পোশাক খাত। এর প্রভাবে পোশাক রপ্তানি, রপ্তানি আদেশ ও পণ্যের দাম কমছে। চলমান শ্রমিক অসন্তোষে কারখানার উৎপাদন ও পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। রপ্তানি আদেশ পাওয়ার পর সময়মতো পণ্য সরবরাহ করা যাবে কি না, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত তিন মাসে পোশাক রপ্তানি কমেছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে ইউরোপে বাংলাদেশের রপ্তানি কমেছে ১২ শতাংশ এবং যুক্তরাষ্ট্রে কমেছে ৪.৫৯ শতাংশ। একই সময়ে রপ্তানির গড় একক মূল্য কমেছে ০.৯৫ শতাংশ। নভেম্বরের ২১ দিনে প্রায় ৪০০ কারখানা বন্ধ থাকার তথ্যও উঠে এসেছে। চার দশকের পোশাক খাতের ইতিহাসে দেশি-বিদেশি এমন সংকট একসঙ্গে দেখা যায়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জ্বালানি সংকট, কাঁচামাল ও জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা এবং মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলন পরিস্থিতিকে আরও জটিল করেছে। পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, তাঁরা চরম সংকটকাল পার করছেন। এ পরিস্থিতিতে পোশাক খাতের রপ্তানি, বিনিয়োগ ও সামগ্রিক কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়ছে।