• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিটি নাগরিকের সুবিধা-অসুবিধা দেখার দায়িত্ব মেয়রের: সাদিক

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৬, ২০২১, ১৮:৪৪ অপরাহ্ণ
প্রতিটি নাগরিকের সুবিধা-অসুবিধা দেখার দায়িত্ব মেয়রের: সাদিক

স্টাফ রিপোর্টার ॥

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, প্রতিটি নাগরিকের সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব মেয়রের। মুজিব শতবর্ষ, অগ্নিঝরা মার্চ ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত শতবর্ষ জন্মবার্ষিকির অনুষ্ঠানমালা ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিসিসি মেয়র।

এ সময় তিনি এমন সমালোচনা করার আহবান জানান যাতে শহরবাসীসহ সকলে উপকৃত হয়।
বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নগরবাসীর জন্য সুখবর হিসেবে জানান, প্রায় ৭ শ’ কোটি টাকার প্রকল্প এ মাসের মধ্যে পাস হবার সম্ভাবনা রয়েছে। এছাড়া বর্তমানে হাইওয়ে হিসেবে ব্যবহৃত সিএন্ডবি রোডের পরিবর্তে নতুন হাইওয়ে নির্মান এবং বাসটার্মিনাল স্থানান্তর প্রসঙ্গ তুলে ধরে যানজটমুক্ত আগামী বরিশালের কথা তুলে ধরেন বিসিসি মেয়র।

অপর এক প্রসঙ্গে মেয়র সাদিক বলেন, আমি প্রতিটি অনুষ্ঠান সার্বজনীন করতে চাই। বরিশালের সাংবাদিকদের মধ্যে বিরাজমান বিরোধ নিরসনে ভূমিকা রাখার অনুরোধ জানানো হলে মেয়র ভুমিকা রাখতে সম্মত হন। তবে এ ব্যাপারে সাংবাদিকদেরই উদ্যোগী হবার বিষয়ে গুরুত্বরোপ করেন বিচক্ষণ মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।