• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী শিবেরে হতাশা, নেতা-কর্মীরা দিশেহারা

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ণ
আওয়ামী শিবেরে হতাশা, নেতা-কর্মীরা দিশেহারা
দখিনের সময় ডেস্ক:
আওয়ামী লীগ গত ২৩শে জুন ঘটা করে ৭৫ বছরপূর্তি পালন করেছিল। সেদিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীর উপস্থিতি ছিল কানায় কানায় পূর্ণ। অথচ মাত্র দুই মাসের ব্যবধানে পরিস্থিতি এখন পুরোপুরি বিপরিত। নেতা-কর্মীরা দিশেহারা, আওয়ামী লীগ রাজনীতি ছাড়তে চান অনেকে। আওয়ামী লীগে চরম নেতৃত্বশূন্যতা দেখা দিয়েছে।
প্রসঙ্গত গত পাঁচই অগাস্ট গণ-আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শীর্ষ নেতারাও অনেকে দেশ ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে। কেউ কেউ ‘দেশ ছাড়ার চেষ্টাকালে’ গ্রেফতার হয়েছেন। এর বাইরে, নেতাদের মধ্যে এখনও যারা দেশে অবস্থান করছেন, তাদের প্রায় সবাই আত্মগোপনে আছেন। তাদের অনেকেই এখন উদ্বগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। এতে সাংগঠনিকভাবে দলটি বিপর্যস্ত হয়ে পড়েছে।
একমাস হয়ে গেলেও কেন্দ্র থেকে কার্যকর কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে বলা হচ্ছে। আওয়ামী লীগের এখনকার যে অবস্থা দেখা যাচ্ছে, সেটার জন্য দলের সিনিয়র নেতাদের দায়ী করছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তারা বলছেন, ক্ষমতা হারালে এমন অবস্থা যে হতে পারে, সেটা তো নেতাদের অজানা থাকার কথা না। তারাই তো এর জন্য দায়ী। একজনের মন্তব্য,“ক্রিম খাইলো নেতারা, কোটি কোটি টাকা বানাইলো তারা; আর তাদের পাপের শাস্তি ভোগ করতে হইতেছে আমাদের মতো তৃণমূলের নেতাকর্মীদের।” দল ক্ষমতা হারানোর পর গত একমাসে ঢাকাসহ অনেক জেলাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে দেখা গেছে।